ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটির ঝালকাঠি ব্রাঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্র, ঝালকাঠির সহকারী পরিচালক মো. তোফাজ্জেল হোসেন এবং মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা।
অনুষ্ঠানে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।
এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য দেশের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী ও শিক্ষিত যুবসমাজকে ডিজিটাল স্কিল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রযুক্তি-নির্ভর কর্মক্ষেত্রে যুক্ত করে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ উন্মুক্ত হচ্ছে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর ঝালকাঠি কেন্দ্র থেকে প্রশিক্ষিত ১০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭৫ জন ইতোমধ্যে কোর্স চলাকালীন অবস্থাতেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্ল্যাটফর্মে কাজ শুরু করে আয় করতে সক্ষম হয়েছেন।
ঝালকাঠি ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসান পাপ্পু জানান,
“প্রশিক্ষণার্থীরা এখানে শুধু ডিজিটাল দক্ষতা অর্জনের জন্যই আসেন না, বরং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়েই আসেন। আমরা প্রশিক্ষণের পাশাপাশি তাদের আয় করার কার্যকর পথও দেখিয়ে দিচ্ছি। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, টাইপিংসহ বিভিন্ন কাজে দক্ষ করে তুলছি। এখন অনেকেই ফাইভার, আপওয়ার্কসহ আন্তর্জাতিক মার্কেটপ্ল্যাটফর্মে সফলভাবে কাজ করছেন।”

প্রশিক্ষণার্থীরা জানান, শুধুমাত্র ফ্রিল্যান্সিং সফলতার গল্প শুনেই আগ্রহী হয়েছিলেন, কিন্তু কোর্সে ভর্তি হওয়ার পর নিজেরাই সেই সফলতার পথ খুঁজে পেয়েছেন। অনেকেই কোর্স চলাকালীনই ক্লায়েন্টের সঙ্গে কাজ শুরু করেছেন, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
তিন মাসব্যাপী এ কোর্সে প্রতিদিন ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালীন সময় শিক্ষার্থীদের জন্য সকাল, দুপুর ও বিকেলের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিদিনের উপস্থিতির ভিত্তিতে প্রতিটি শিক্ষার্থীকে ২০০ টাকা করে সরকারি প্রণোদনা প্রদান করা হয়।
ঝালকাঠির কলেজ রোড সংলগ্ন বরিশাল-পিরোজপুর মহাসড়কের পাশে অবস্থিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেন্টার এখন শুধু প্রশিক্ষণ নয়, বরং সম্ভাবনাময় ডিজিটাল সফলতার গল্প গড়ার এক নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে।