• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
দৈনিক খবর শিরোনাম
‎ঝালকাঠিতে স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য প্রশিক্ষণ, ছানি নির্মূলে বিশেষ উদ্যোগ সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বরুপকাঠি উপজেলার গগন গ্রামে, তিন হাজার মানুষের দুর্ভোগ চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ঝালকাঠি জেলায় আবেদন ৪৫১ শিক্ষা সহায়তায় আলো ছড়াচ্ছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক ঝালকাঠিতে ব্রি ধান-১০৬ এর নমুনা কর্তন ও ফিল্ড ওরিয়েন্টেশন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কিশোর গ্যাং এর হামলা এইচএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করায় সহপাঠিদের বিক্ষোভ ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয় শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে অশোভনীয় আচরণ ও শিক্ষার্থীকে প্রতিবন্ধী বলে গালি দেয়ার অভিযোগ

শিক্ষক নিয়োগ, ‘বোর্ড এক্সপার্ট’ জাপানিজ স্টাডিজের

নিজস্ব প্রতিবেদক / ১৩ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আগামী রবিবার (১৭ আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান বিভাগে একজন প্রভাষক নিয়োগের (বোর্ড) ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরের দুইজন শিক্ষককে এক্সপার্ট হিসেবে রাখা হয়েছে। এরমধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। অপরজন হলেন একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল।

অভিযোগ উঠেছে, বেরোবি উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. শওকত আলীর নিজ ইচ্ছায় এই নিয়োগ বোর্ডে তার ঘনিষ্ঠ এ ড. আব্দুল্লাহ আল মামুনকে বোর্ডের এক্সপার্ট হিসেবে নিয়োগ দিয়েছেন, যা সমাজবিজ্ঞান বিভাগের সাথে কোনো সামঞ্জস্য নেই।

সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট শিক্ষকদের বোর্ডে না রেখে জাপানিজ স্টাডিজের শিক্ষককে বোর্ডে রাখায় এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি অধ্যাপক নন এবং ভুল তথ্য দিয়ে ঢাবিতে পদোন্নতি ও চাকরি স্থায়ীকরণের অভিযোগ থাকা এমন একজন শিক্ষককে বোর্ডে রাখায় অস্বস্তি দেখা দিয়েছে। এ ব্যাপারে ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) হস্তক্ষেপ কামনা করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

শুধু তাই নয়, ইউজিসির নির্দেশনা অমান্য করে বেরোবি প্রশাসন এই শিক্ষক নিয়োগের বোর্ড আয়োজন করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এ নিয়োগ বিজ্ঞপ্তিটি ইউজিসির নির্দেশনার আগেই প্রকাশ করা হয়েছিল।

ইউজিসির সূত্র জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৪-২৫ অর্থ বছরের জন্য অনুসরণীয় গাইডলাইনসহ একটি পরিপত্র গত ২৮ মে ইউজিসি জারি করে। ইউজিসির অর্থ, হিসাব ও বাজেট শাখার পরিচালক রেজাউল করিম হাওলাদার স্বাক্ষরিত সেই পরিপত্রে স্পষ্টভাবে খ ও শিক্ষা ছুটির বিপরীতে শিক্ষক নিয়োগ না দিতে বলা হয়। আর শিক্ষক নিয়োগ দিলেও সেক্ষেত্রে অবশ্যই মঞ্জুরি কমিশনের পূর্বানুমিত নিতে হবে। অন্যথায় এ খাতে বাজেট বরাদ্দ দেওয়া হবে না বলেও পরিপত্রে সতর্ক করা হয়।

এই পরিপত্র জারি সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির পরিপত্রকে উপেক্ষা করে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষা ছুটির বিপরীতে একজন শিক্ষককে নিয়োগ প্রদানের জন্য আগামী রবিবার প্রার্থীদের এডমিট কার্ড ইস্যু করেন। আগামী রবিবার ইউজিসির নির্দেশ অমান্য করে নতুন একজন শিক্ষক এ বিভাগে নিয়োগ দেয়া হবে।

এদিকে ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ। জার্নালে ‘নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা প্রকাশিত হয়েছে’ এমন ভুল তথ্য দিয়ে পদোন্নতি ও চাকরি স্থায়ীকরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সময়মতো লেখা প্রকাশ করতে না পেরে সংশ্লিষ্ট জার্নালের এডিটরের সঙ্গে যোগসাজশে ‘অনৈতিক পন্থায় ভুয়া তারিখ’ দেখিয়ে চাকরি স্থায়ী ও বিভাগে জ্যেষ্ঠতা ধরে রাখার অভিযোগে কয়েক মাস আগে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেন একই বিভাগের শিক্ষক ও বিভাগটির সাবেক চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়, ঢাবির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের সামাজিক বিজ্ঞান অনুষদের তালিকায়ও তার নাম রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেরোবির এক শিক্ষক বলেন, ‘ইউজিসির সুস্পষ্ট নির্দেশনার পরেও শিক্ষক নিয়োগ বোর্ড করাটা অস্বাভাবিক মনে হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী এমন অনিয়ম এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মেনে নেবে না। এ ব্যাপারে ইউজিসির হস্তক্ষেপ কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক নিয়োগ বোর্ডে জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষককে এক্সপার্ট হিসেবে নিয়োগ দেয়াটা যৌক্তিক নয়। এভাবে চলতে থাকলে শিক্ষক নিয়োগ মূল্যায়নে ভুল হতে পারে। কোনভাবেই সংশ্লিষ্ট বিষয়ের বাইরে কাউকে এক্সপার্ট রাখাটা সমুচিত নয়।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘ইউজিসির নির্দেশনার আগের নিয়োগ বিজ্ঞপ্তি এটি। আর বোর্ড এক্সপার্টের ব্যাপারে যে অভিযোগ, সেটি সঠিক হলে বোর্ড স্থগিত করা হবে।’

এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, ‘নির্দেশনার ব্যত্যয় ঘটলে আমরা সেটি খতিয়ে দেখব এবং ঘটনার সত্যতা পেলে বিধি অনুযায়ী ইউজিসি ব্যবস্থা গ্রহণ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ