ঝালকাঠির আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠিত হয়েছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনটি শুরু থেকেই জেলার এরকম অসংখ্য শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সহায়তা প্রদান করেছেন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি ঝালকাঠির বিভিন্ন স্কুল-কলেজের ৪০ জন ছাত্রী ও ২৯ জন ছাত্রকে পূর্ণ বছরের বেতন, সেশন চার্জ, ভর্তি ফি, ফরম পূরণ এবং শিক্ষা উপকরণ সরবরাহ করেছে।
আগামী ২০২৬ সালকে সামনে রেখে ২০০ জন শিক্ষার্থীকে সারা বছরের শিক্ষা উপকরণ দেওয়ার লক্ষ্যও নিয়েছে ফাউন্ডেশনটি ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. তারিকুল ইসলাম তারিক বলেন, আমরা শিক্ষার্থীদের যেন পড়াশোনা বন্ধ না হয়, সেটিই মূল লক্ষ্য রেখে কাজ করছি। বর্তমানে কার্যক্রম শুধু ঝালকাঠিতে সীমাবদ্ধ হলেও ভবিষ্যতে বিভাগীয় পর্যায় এবং একসময় সারা দেশে বিস্তার করার পরিকল্পনা আছে ।
শিক্ষার পাশাপাশি ফাউন্ডেশনটি মানবিক উদ্যোগেও পাশে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত তিনজন গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশনের খরচ বহন করেছে তারা।
সম্প্রতি সহায়তা পাওয়া এক নারীর কন্যাসন্তানের নাম রাখা হয় ‘সোনিয়া’, প্রয়াত শারমিন আক্তার সোনিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ।
উল্লেখ্য, শিক্ষক তারিকুল ইসলামের সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন স্ত্রী শারমিন আক্তার সোনিয়া ২০২৪ সালের ১৪ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্ত্রীর স্মৃতিকে ধরে রাখতে এবং সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই তিনি একই বছরের নভেম্বর মাসে’সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
ওর চিকিৎসার জন্য রাখা তিন লাখ টাকা তিনি তহবিলে যুক্ত করেন এবং নিজের মাসিক বেতনের অংশ থেকেও নিয়মিত অনুদান যোগ করছেন। তারিকুল ইসলাম তারিক আরও বলেন, এটি হয়তো ছোট উদ্যোগ, কিন্তু আমি চাই এটি সফলভাবে এগিয়ে যাক। এজন্য সবার সহযোগিতা, পরামর্শ এবং দোয়া প্রয়োজন ।
সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, সোনিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও আমার সহকর্মী। তার স্ত্রীর ইন্তেকালের পর তিনি এটি প্রতিষ্ঠা করেন । ইতিমধ্যে এই ফাউন্ডেশন বেশকিছু হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করেছে ।
আমি নিজেই অনেককে এই ফাউন্ডেশনের পক্ষে সহায়তা তুলে দিয়েছি । এতে করে ওই শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে অনেকটা সহজ হয়েছে। আমি আশা করি ফাউন্ডেশনটি ঝালকাঠির আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আশার আলো হবে। তাদের এই কার্যক্রম পরিচালনার জন্য আমার সহযোগিতা থাকবে।
শিক্ষা ও মানবিক সহায়তার নতুন এক পথ খুলে দিয়েছে ‘সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন’, যা ঝালকাঠির অসংখ্য শিক্ষার্থীর স্বপ্নপূরণের আশ্রয় হয়ে উঠতে পারে।