ঝালকাঠিতে একটি মসজিদে ঢুকে ইমামের উপর হামলা ও মারধরের ঘটনায় ঝালকাঠি সদর থানায় (২৩ আগস্ট) নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল কবির তাপস তালুকদার (৫০) কে প্রধান করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নের পশ্চিম পরমহল তালুকদার বাড়ি পুরাতন জামে মসজিদ এর সহ-সভাপতি সাজ্জাদ মাহমুদ লিখন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ৬ জন নামধারী ও ৫/৬ জনকে অজ্ঞত আসামি রাখা হয়েছে।
নামধারী আসামিরা হলেন মোঃ মহিদুল ইসলাম রুপু তালুকদার (৪৫), মোঃ ফয়সাল তালুকদার (২৫), মোঃ সাগর তালুকদার (৪৫), আব্দুর রহিম খান (৩২), ও মোঃ আলতাফ হোসেন (৪৫) ।
মামলা নং - ১৯ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০০/৫০৬/৩৪ পেনাল কোড। মামলা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানাযায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবগ্রাম ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ আল-আমিন চার বছর ধরে সুনামের সাথে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের পশ্চিম পরমহল তালুকদার বাড়ি পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করে আসছে।
গত ২১ আগস্ট আসরের নামাজের আগে ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার উল্লেখিত লোকজন নিয়ে জোরপূর্বক মসজিদের ঢুকে ইমাম সাহেবের উপর অতর্কিত হামলা চালায়।
হামলা চালিয়ে তাকে মারধর করা হয়, হাতের উপর কামড় বসিয়ে দেয়া হয়, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়েছে।
স্থানীয় মুসল্লিরা পড়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার কারন হিসেবে ইমাম আলআমিন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাযায়, ঘটনার একদিন আগে ২০ আগস্ট আসরবাদ স্থানীয় একটি চায়ের দোকানে ইমাম সাহেব নাস্তা করতে গেলে তাপস তালুকদারের চাচাতো ভাই রুপু তালুকদার চরমোনাই পীর সাহেবকে নিয়ে অসোভন কথাবার্তা বলেন এবং কটুক্তি করেন।
ইমাম সাহেব হাদিসের আলোকে রুপু তালুকদারকে বোঝানোর চেষ্টা করেন। ইমাম সাহেবের নসিহাত তার কাছে অস্বস্তিকর হওয়ায় বিষয়টি রুপ তালুকদার তাপস তালুকদারের কাছে নালিশ করেন। ক্ষুব্ধ তাপস তালুকদার বিষয়টি রাজনৈতিক রং লাগিয়ে দলবল নিয়ে ইমামের উপরে এই হামলা চালায়।